আর.জে রাফি, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি ::

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফারিরবিল এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবির হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, পালংখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আব্দুল গফুর দীর্ঘদিন ধরে একটি জায়গায় বসবাস করে আসছিলেন। কয়েক বছর আগে জায়গাটিতে একটি ছোট ঘর নির্মাণ করে তাকে বসবাসের সুযোগ দেওয়া হয়। তবে পরবর্তীতে জায়গাটির মালিকানা ও দখল নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ২৬ অক্টোবর সালমান, আব্দুল আজিজ ও শফিক তাদের জায়গায় একটি খামার স্থাপনের উদ্দেশ্যে গাছ ও বাঁশ দিয়ে জায়গা প্রস্তুতের কাজ শুরু করেন। এ সময় নুরুল আবছার প্রকাশ মাইট্যা আবছার, আব্দুল গফুর ও নুরুল আবছার প্রকাশ পাড়া আবছার সেখানে গিয়ে কাজে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীরা আরও দাবি করেন, কাজ করতে আসা লোকজনের সঙ্গে এ সময় বাকবিতণ্ডা ও হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাটিকে কেন্দ্র করে ‘কক্সহেডলাইন’ নামে একটি ফেসবুক পেজ থেকে সালমান, আব্দুল আজিজ ও শফিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। তাদের দাবি, পেজটির নিবন্ধন ও সংবাদ প্রকাশের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে।

এদিকে, ২৭ অক্টোবর বিকেল ৪টার দিকে শফিকের দোকানে গিয়ে কয়েকজন ব্যক্তি দা-ছুরি নিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানান অভিযোগকারীরা।

তাদের আরও দাবি, দীর্ঘদিন ধরে আব্দুল গফুর ওই জায়গায় বসবাস করলেও জায়গাটির মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র নিয়ে প্রশ্ন রয়েছে তাদের জমির দলিল নেই । তবে বিষয়টি নিয়ে কোনো পক্ষের দাবিই আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া চূড়ান্তভাবে সত্য বলে বিবেচিত হতে পারে না।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সালমান, আব্দুল আজিজ ও শফিক। একই সঙ্গে তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।