শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার) ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের একটি জাহাজ।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় গভীর সমুদ্রে একটি সন্দেহজনক বোটের গতিবিধি লক্ষ্য করেন কোস্ট গার্ড সদস্যরা। পরে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।
পরে বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে পরিবহন করা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ ঘটনায় বোটে থাকা নয়জনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জব্দ করা ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দেশের গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ ইউরিয়া সার অবৈধভাবে বিদেশে পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।