জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা

খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের জেলখানা ঘাটসংলগ্ন সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নদীতে পাশাপাশি দুই যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে ভাটার টানে নদীর পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া দুই যুবকের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মেহেদী হাসান সোহাগ (৩৫)। তিনি রূপসার রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে এবং জেলখানা ঘাটের মাঝি ছিলেন বলে জানা গেছে। অপর যুবকের নাম রেজাউল করিম (৩০)। তবে তাঁর বাবার নাম ও বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোহাগ বি কোম্পানির সদস্য ছিলেন। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা কীভাবে নদীতে এলেন কিংবা মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একই স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।