মোঃ মফিজুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধি তারিখ: ৪ নভেম্বর ২০২৬
লালমনিরহাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক তৎপরতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে অনুষ্ঠানস্থল হিসেবে কালেক্টরেট মাঠের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রী কালেক্টরেট মাঠে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাঠের সার্বিক অবস্থা, অনুষ্ঠান আয়োজনের উপযোগিতা এবং প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক ঘুরে দেখেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে মাঠের পরিবেশ, অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি, সম্ভাব্য জনসমাগম, মঞ্চ স্থাপন, যাতায়াতের সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লালমনিরহাটে রাজনৈতিক, প্রশাসনিক ও সাংগঠনিক পর্যায়ে প্রস্তুতির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ এই সফর সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে ঘিরে জেলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সফরকে কেন্দ্র করে লালমনিরহাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, তিস্তা মহাপরিকল্পনা, নদীভাঙন ও সীমান্তবর্তী এলাকার জনদুর্ভোগসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনায় আসবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কালেক্টরেট মাঠ পরিদর্শন ও প্রস্তুতিমূলক তৎপরতা লালমনিরহাটের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।