জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর
‘ইলিশের বাড়ি চাঁদপুর’—এই পরিচিতিকে পুঁজি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক পেজ ও আইডি খুলে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা চালিয়ে আসছিল একটি চক্র। দেশজুড়ে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়া এই চক্রের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (৩ নভেম্বর) সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রটির দুই সহযোগীকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রী শান্ত শীল (২৫), পিতা শ্যামল চন্দ্র শীল, সাং মহারাজ শীলের বাড়ি, ওয়ার্ড নং-২, কালাপানিয়া ইউনিয়ন এবং মিঠুন সূত্রধর (২৯), পিতা তরিত সূত্রধর, সাং চেউরিয়া, গোপাল মেম্বারের বাড়ি, ওয়ার্ড নং-৮, আমানউল্যাহ ইউনিয়ন, থানা সন্দ্বীপ, জেলা চট্টগ্রাম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা প্রতারণা চক্রের সহযোগী হিসেবে কাজ করত। তারা চক্রের ভুয়া ফেসবুক পেজে প্রচারণা চালানো, পোস্ট বুস্ট করা এবং প্রতারণার উদ্দেশ্যে ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করত।
অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার পিসি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (৪ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে।
ক্রেতাদের প্রতি পুলিশের সতর্কবার্তা: অনলাইনে ইলিশ কেনার ক্ষেত্রে অপরিচিত ফেসবুক পেজ, আইডি কিংবা ওয়েবসাইটের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আগাম টাকা পাঠানো থেকে বিরত থাকতে হবে। চাঁদপুরের ইলিশ কেনার ক্ষেত্রে সরাসরি বড় স্টেশনের মাছঘাটে গিয়ে মাছ দেখে, যাচাই-বাছাই করে কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনে সেখানকার পরিচিত ও বিশ্বস্ত মাছ ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কেনাকাটা করুন।
‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নাম ব্যবহার করলেই কোনো অনলাইন বিক্রেতা বিশ্বস্ত—এমনটি ভাবার সুযোগ নেই। একটু অসতর্কতাই হতে পারে বড় আর্থিক ক্ষতির কারণ।