নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন ন্যাশনাল স্পোর্টস এলায়েন্স (এনএসএ)-এর ১ নম্বর সংগঠক নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান, সাবেক ক্রিকেটার ও সাবেক বিসিবি বোর্ড কাউন্সিলর আকিব জাবেদ মুন্না।

গত ২ অক্টোবর ২০২৬ রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ন্যাশনাল স্পোর্টস এলায়েন্স।

সংগঠনটির নেতৃত্বে রয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, সাবেক কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। সংগঠনটির সদস্য সচিব হিসেবে রয়েছেন এম. নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আরমানুল ইসলাম নয়ন।

নতুন এই সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গনেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা যায়, আকিব জাবেদ মুন্না ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার কৃতিসন্তান। তিনি দীর্ঘদিন ধরে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং একজন ক্রীড়া সংগঠক হিসেবে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি বুলবুলের নেতৃত্বাধীন কমিটির নির্বাচনে কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।

দীর্ঘদিনের ক্রীড়া অভিজ্ঞতা ও সংগঠক হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল স্পোর্টস এলায়েন্সে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা, খেলাধুলার উন্নয়ন এবং দেশব্যাপী ক্রীড়া সংগঠকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আকিব জাবেদ মুন্না তার নতুন দায়িত্ব সফলভাবে পালন করবেন—এমন প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াপ্রেমীদের।