জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার চাঁদপুর
শিক্ষাঙ্গনকে মাদকের ভয়াল ছোবল থেকে মুক্ত রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের পুরানবাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির পথেও বড় বাধা সৃষ্টি করে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য মাদকের ঝুঁকি অত্যন্ত ভয়াবহ। শিক্ষাজীবনের শুরুতে কেউ মাদকের সংস্পর্শে এলে তার শারীরিক ও মানসিক বিকাশ, পড়াশোনার মনোযোগ এবং ভবিষ্যৎ স্বপ্ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। কোনো শিক্ষার্থী মাদকের ঝুঁকিতে পড়লে তাকে অবহেলা বা অপমান না করে সহানুভূতির সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে এবং বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বুলবুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম তরুণ, ব্যাংকার মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর মো. মাসুম আলম, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা সাইদ হোসেন অপু চৌধুরী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শম্ভু নাথ নন্দী এবং সংগঠক ও ক্রীড়াবিদ মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাদকের ক্ষতিকর প্রভাব, সামাজিক পরিণতি ও প্রতিরোধের উপায় নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় শিক্ষার্থীরা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানসহ অতিথিরা।
উল্লেখ্য, বিজয়ী নারী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের পাশাপাশি তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে কাজ করে আসছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ছবির ক্যাপশন-১: চাঁদপুরের পুরানবাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষাঙ্গনে মাদকের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধবিষয়ক আলোচনা সভায় বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান।
ছবির ক্যাপশন-২: মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান ও বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানসহ অতিথিরা।