মোঃ মফিজুল ইসলাম লালমনিরহাট: প্রতিনিধি
“। নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে বুকে ধারণ করে লালমনিরহাটে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও উচ্চপর্যায়ের আলোচনা সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা প্রশাসন ও বিআরটিএ লালমনিরহাটের যৌথ উদ্যোগে জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই জেলা প্রশাসনের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহন শ্রমিক নেতা, সড়ক পরিবহন খাতের অংশীজন এবং সর্বস্তরের সচেতন মানুষ অংশ নেন। হাতে ছিল নিরাপদ সড়কের দাবিতে নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার।
র্যালি শেষে সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, “একটি দুর্ঘটনা কেবল একটি প্রাণই কেড়ে নেয় না, বরং পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে শুধু আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী ও পথচারী—সবার মধ্যে ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে।”
সভায় আরও উঠে আসে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, অতিরিক্ত গতি রোধ করা এবং ট্রাফিক সাইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার নানান দিক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, সড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও অনিয়মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর শীর্ষ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।