মোঃনূরুল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি

মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে ৩৬ দিনে আটক ৫ হাজার ২৪৬ জন

কুমিল্লায় মাদক কারবার, কিশোর গ্যাং ও ছিনতাই নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এক রাতের অভিযানে ৩৫১ জনকে আটক করেছে পুলিশ।

গত ২৯ অক্টোবর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখার সদস্যরা অভিযানে অংশ নেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সর্বশেষ অভিযানে আটক ৩৫১ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপর ২১৯ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৩ হাজার ১৫১ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।