মোঃনূরুল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১১-এর একটি দল।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক আসিফকে (২২) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​আটক আসিফ ইছাপুরা গ্রামের মৃত ডাক্তার শাহনেওয়াজ ওরফে লাভলুর ছেলে। স্থানীয় শাকেরা বাজারে তার পশুখাদ্যের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

​এসআরবি ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমাই উপজেলার প্রত্যন্ত এই গ্রামে দেশীয় অস্ত্র তৈরি করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে বিক্রি করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ইছাপুরা পূর্ব-দক্ষিণপাড়ায় ডাক্তার শাহনেওয়াজ লাভলুর বাড়িতে অভিযান চালায় এসআরবি-১১-এর একটি দল। অভিযানকালে বাড়িটি তল্লাশি করে দুটি বন্দুকসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে অস্ত্রসহ বাড়ির মালিক আসিফকে আটক করে নিয়ে যায় অভিযানকারীরা।