স্টাফ রিপোর্টার, চাঁদপুর
চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে কে বা কারা স্মৃতিস্তম্ভের বেদির নিচে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদকে পুরানবাজার পূর্ব শ্রীরামদী এলাকার নিজ বাসভবন থেকে আটক করা হয়।
এ ছাড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্নাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ আহমেদ জানিয়েছেন, পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর শহরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে।