মোঃ রাজু

গোদাগাড়ী,(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ মোঃ ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১০টা ১০ মিনিটে রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের চক চাঁপাল গ্রামে চাঁপাল জামে মসজিদের উত্তর পাশে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়কের ওপর অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মোঃ ফারুক হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে দুটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় রাখা বাদামি রঙের গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। পরে পরীক্ষা ও শনাক্তকরণে উদ্ধারকৃত পদার্থ ১৫০ গ্রাম হেরোইন বলে জানা যায়।

গ্রেফতারকৃত মোঃ ফারুক হোসেন রাজশাহীর গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ৫ নম্বর গ্রামের মোঃ শহিদ আলীর ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের এ অভিযান পরিচালিত হয়।