মোঃ রাজু
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬।
রবিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সোহেল রানা। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি যুবকদের দক্ষতা উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী হতে হবে। পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গোদাগাড়ী থেকে মাদকের বিস্তার ও মাদক ব্যবসা প্রতিরোধ করে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করেন। এর মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, গোদাগাড়ী, রাজশাহী।