শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি

শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশ, সৃজনশীলতার চর্চা এবং মেধার সঠিক মূল্যায়নের লক্ষ্যে গাইবান্ধায় শুরু হয়েছে ‘জেলা ট্যালেন্ট ফেস্টিভ্যাল-২০২৬।

সোমবার সকালে জেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নিজেদের সুপ্ত প্রতিভা তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানের মূল মঞ্চে জেলা ট্যালেন্ট ফেস্টিভ্যাল-২০২৬-এর আকর্ষণীয় লোগো এবং নান্দনিক সাজসজ্জা সবার নজর কাড়ে। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মাধ্যমে জেলার তরুণ প্রজন্মের মধ্য থেকে ভবিষ্যতের নেতৃত্ব ও মেধাবী তারকারা বেরিয়ে আসবে, যা পুরো জেলায় এক ইতিবাচক সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ তৈরি করবে।