শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা, মারপিট ও জখমের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা মোছা. মমতা বেগম (২৭) ও মো. মধু মিয়া (৫৬)। শনিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর গাইবান্ধা সদর উপজেলার উত্তর গীদারি বারটিকুরী মধ্যপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে বাদী মোছা. আতোয়ারা বেগমের পরিবারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন বিকেলে ফিরোজ মিয়া, আরিফ মিয়া, নাজিম মিয়া, শাহ কামাল, লেজু মিয়া, নাছরিন বেগম, আয়না বেগম, মমতা বেগম ও মধু মিয়াসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা গালিগালাজ শুরু করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রতিবাদ করায় অভিযুক্তদের হামলায় বাদীর পরিবারের সদস্য আরিফ মিয়া, পুত্রবধূ মৌসুমী বেগম, শ্বশুর জয়নাল মিয়া ও চাচা শ্বশুর খোয়া মিয়াসহ কয়েকজন আহত হন। হামলায় লাঠি, লোহার রড, ধারালো ছোরা, চাপাতি ও চাইনিজ কুড়াল ব্যবহার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং চিকিৎসার জন্য সেলাই দিতে হয়।
এ ছাড়া হামলাকারীদের বিরুদ্ধে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া ও শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে মামলায়।
এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে।
গাইবান্ধা সদর থানার ওসি মো. নাজমুল হুদা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।