দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা
আসন্ন শারদীয়
লালমনিরহাট প্রতিনিধি মোঃ মফিজুল ইসলাম
দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাটের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
গুজব ও অপপ্রচার ঠেকাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূজামণ্ডপগুলোকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার। কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে দ্রুত সংশ্লিষ্ট থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর অনুরোধও করেন তিনি।
সভায় পূজা উদযাপন কমিটির সদস্যদের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনা হয় এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
এসময় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।