জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, যুব সমাবেশ, আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন।

বক্তারা বলেন, কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে বাজারজাতকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।