জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং নিজস্ব অর্থায়নে বিভিন্ন পূজামণ্ডপে অনুদান প্রদান করেন।
সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজার অষ্টমীর সন্ধ্যায় তিনি উপজেলার দিঘলিয়া ও সেনহাটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের মধ্যে ছিল কামারগাতী মধ্যমপাড়া সার্বজনীন পূজামন্দির, কামারগাতী পূর্বপাড়া, রাধামাধবপুর দক্ষিণপাড়া ও উত্তরপাড়া, আমবাড়িয়া জোড়া মন্দির, আড়ুয়া পূজামন্দির, বারাকপুর বাজার পূজামন্দির এবং সেনহাটি ইউনিয়নের শিববাড়ি কেন্দ্রীয় পূজামন্দিরসহ বিভিন্ন মণ্ডপ।
পরিদর্শনকালে সৌমিত্র দত্ত পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অনুদান দিয়ে পূজার আয়োজনকে আরও উৎসবমুখর করতে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুব্রত দত্ত, দিগ্বিজয় মজুমদার, দিঘলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ আবুল কাসেম, সাধারণ সম্পাদক আবিদ আজাদ, সহসাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং ক্লাবের সদস্য হিশান, শংকরবর, রণজিৎ প্রমুখ।
দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সহযোগিতার এ উদ্যোগ স্থানীয় পূজা উদযাপন সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।