চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়াদান ও জীবন রক্ষায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়াদান, প্রাথমিক চিকিৎসা প্রদান ও মনোসামাজিক সহায়তা বিষয়ে দক্ষ করে তুলতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) স্বাস্থ্য বিভাগের ‘পাথওয়েজ টু হিলিং’ (পি২এইচ) প্রকল্পের সহযোগিতায় এবং রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত কলেজ প্রাঙ্গণে ‘মৌলিক প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা’ বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ নভেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আহমেদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দীন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আনোয়ার, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন সুলতানা, ইংরেজি বিভাগের প্রভাষক ইয়ামিন খন্দকার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক, যুব প্রধান সিরাজুল করিম হিরু এবং যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী উপজেলা টিমের দলনেতা মেহেদী হাসান ও রাফিউল করিম।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান থাকা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা কিংবা আকস্মিক অসুস্থতার সময় চিকিৎসক বা জরুরি সহায়তা পৌঁছানোর আগেই সঠিক প্রাথমিক চিকিৎসা একজন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের শুধু চিকিৎসাসংক্রান্ত প্রাথমিক জ্ঞানই দেয় না, বরং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাসও বাড়ায়। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষকরা তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা প্রদান, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তাৎক্ষণিক সহায়তা এবং মানসিকভাবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করবে। এর মধ্য দিয়ে মানবিক মূল্যবোধে উজ্জীবিত, দক্ষ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে উঠবে