জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার
৮০ বছর বয়সে নিজের বসতভিটায় নিরাপদে বসবাস এবং অসমাপ্ত বীর নিবাসের নির্মাণকাজ শেষ করার দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আজহার আলী হাওলাদার।
রোববার (১ নভেম্বর) সকালে অনশনে বসে তিনি অভিযোগ করেন, সরকার থেকে পাওয়া তিন শতাংশ জমি থেকে তাঁকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। গত সেপ্টেম্বরে তাঁর পরিবারের ওপর হামলা চালিয়ে বসবাসের ঘরও ভাঙচুর করা হয়েছে।
তিনি জানান, ২০২৪ সালে বরাদ্দ পাওয়া বীর নিবাসের নির্মাণকাজ ২০২৫ সালে শুরু হলেও প্রায় ৪০ শতাংশ সম্পন্ন হওয়ার পর গত মার্চ থেকে তা বন্ধ রয়েছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো সমাধান পাননি বলে দাবি তাঁর।
জীবনের শেষ বয়সে পরিবার নিয়ে নিরাপদে বাঁচার আকুতি জানিয়ে এই বীর মুক্তিযোদ্ধা বসতভিটার নিরাপত্তা, পরিবারের সুরক্ষা এবং অসমাপ্ত বীর নিবাসের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।