‎

‎মো: শিহাব উদ্দিন শেখ, বিশেষ প্রতিনিধি।।

‎

‎ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ সংঘবদ্ধ জাল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোট এবং অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎

‎গ্রেফতারকৃতরা হলো, বরিশাল জেলার আগৈলঝড়া থানার ফুল্লশ্রী গ্রামের মোঃ সিরাজ সরদারের ছেলে মোঃ কামাল সরদার (৪৮) এবং একই জেলার গৌরনদী থানার চরসি গ্রামের চিত্ত সরকারের ছেলে মানিক সরকার (১৯)। তারা বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার ভবানীপুর এলাকায় হযরত আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

‎

‎পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় ও দিক-নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৩:৪৫ ঘটিকার সময় আশুলিয়া থানার এসআই (নিঃ) মোঃ ছাইয়েদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় দেলোয়ার হোসেন মিন্টুর অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

‎

‎পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১ নং আসামি মোঃ কামাল সরদারের কাছ থেকে ১,০০০ টাকার ২০০টি জাল নোট (২,০০,০০০ টাকা) এবং ৫০০ টাকার ৬১১টি জাল নোট (৩,০৫,৫০০ টাকা), জাল টাকা তৈরির সরঞ্জামাদী এবং পেছনে ‘বরিশাল ল-১১-০৭৫২’ লেখা একটি পুরাতন কালো রঙের হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়। অন্যদিকে ২ নং আসামি মানিক সরকারের হেফাজত থেকে ১০০ টাকার ৭২৩টি জাল নোট (৭২,৩০০ টাকা) এবং ৫০ টাকার ২৬টি জাল নোট (১,৩০০ টাকা) উদ্ধার করা হয়। দুই আসামির কাছ থেকে সর্বমোট ৫,৭৯,১০০ (পাঁচ লক্ষ উনআশি হাজার একশত) টাকার জাল নোট উদ্ধার করে জব্দতালিকা প্রস্তুত করা হয়।

‎

‎এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(এ) ধারায় একটি মামলা দায়ের করেছে (মামলা নম্বর-৭৯, তারিখ: ১৭ অক্টোবর, ২০২৬)।

‎

‎আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা জানান, আশুলিয়া এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

‎